তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটি হেরে দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। জয়ে দলের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১৯ বলে ৬ চার এবং এক ছক্কায় করেন ৭৬ রান। গুরুত্বপূর্ণ ইনিংসটি খেললেও নিজের পারফরম্যান্সে খুশি হতে পারেননি টাইগার তারকা। ইনিংস আরও বড় করতে চেয়েছিলেন।
শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ৪৩.৩ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ৬৮ রানের জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে লাল-সবুজের দল।
সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে পঞ্চাশ ছাড়ানো দুটি জুটি গড়েন শান্ত। আগের ম্যাচে ৪৭ রানে আউট হওয়ার দুঃখ ঘোচান। ৭৫ বলে নবম হাফ সেঞ্চুরি তোলেন অধিনায়ক। তবে পুরোপুরি তৃপ্ত হতে পারেননি।
ম্যাচ শেষে ২৬ বর্ষী শান্ত বলেছেন, ‘সত্যি কথা বলতে খুশি নই। আমাকে আরও কিছু সময় ব্যাটিং করতে হতো। উইকেট ছিল কঠিন, বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে। কিন্তু যেভাবে ইনিংস শুরু করেছিলাম, তাতে খুশি। তবে পরের ম্যাচ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’







