মেহেদী হাসান মিরাজ, মিরপুরে ভারতের বিপক্ষে লোয়ার অর্ডারে আটে নেমে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় সেঞ্চুরি করলেন টপঅর্ডারে ওপেনিংয়ে নেমে। তার অপরাজিত ১১২ রানে বাংলাদেশ পেয়েছে তিনশ পেরোনো সংগ্রহ। এমন দিনে মিরাজ ওয়ানডেতে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। সঙ্গে বাংলাদেশের হয়ে হাজার রান ও ৫০ উইকেটের এলিট ক্লাবেও প্রবেশ করেছেন অফস্পিন-অলরাউন্ডার।
বাংলাদেশের হয়ে হাজার রান ও ৫০ উইকেট নেয়া পঞ্চম ক্রিকেটার হলেন ২৫ বর্ষী মিরাজ। তার আগে এই ক্লাবে পৌঁছেছেন যে চারজন, তারা- সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা ও মোহাম্মদ রফিক।
২৩৭ ম্যাচে ৭,২৪৮ রানের পাশাপাশি ৩০৭ উইকেট নিয়েছেন সাকিব। ২১৮ ম্যাচে ৪,৯৪৮ রানের পাশাপাশি ৮২ উইকেট নিয়েছেন রিয়াদ, ২২০ ম্যাচে ১,৭৮৭ রানের পাশাপাশি ২৭০ উইকেট সাবেক অধিনায়ক মাশরাফীর। ১২৫ ম্যাচে ১,১৯১ রানের পাশাপাশি ১২৫ উইকেট নিয়েছেন সাবেক অলরাউন্ডার মোহাম্মদ রফিক।
২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক মিরাজের। সাত বা আট নম্বর পজিশনে নামা অফস্পিন-অলরাউন্ডার অনেক ম্যাচে ব্যাট করারই সুযোগ পান না। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ওপেনিংয়ে নেমে দলকে দারুণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন।







