মেয়েদের এএফসি এশিয়ান কাপ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন অস্ট্রেলিয়ায়। গত সপ্তাহে অস্ট্রেলিয়া পৌঁছানোর পর শুক্রবার পঞ্চম দিনের অনুশীলন করেছে। এদিন সিডনিতে বৃষ্টি ছিল, তার মাঝেই এএফসির বরাদ্দকৃত মাঠে প্রথমবার অনুশীলন করেছেন আফঈদা খন্দকাররা।
বুধবার বাংলাদেশ দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসির বিপক্ষে রুদ্ধদার ম্যাচ খেলার পর তেমন অনুশীলন করেনি। পরেরদিন ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের পুলে সাঁতার, সুস্থ থেকে দিন পার করেছিল। দলে কোন চোট নেই।
সিডনিতে পৌঁছানোর পর জুবিলি স্টেডিয়ামে পঞ্চম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ। এএফসি কর্তৃক বরাদ্দকৃত আনুষ্ঠানিক প্রশিক্ষণস্থলে এটি ছিল দলের প্রথম অনুশীলন। সকাল সাড়ে ৭টায় ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক (ভিএসপি) থেকে রওনা হয়ে সকাল ৯টায় জুবিলি স্টেডিয়ামে প্রশিক্ষণ শুরু করেন পিটার বাটলারের শিষ্যরা।
বৃহস্পতিবার থেকে সিডনিতে ঠাণ্ডা আবহাওয়া ও বৃষ্টি ছিল। শুক্রবার সকালে অনুশীলনের সময়ও বৃষ্টি ঘরে। বৃষ্টির মধ্যেই দেড়ঘণ্টা অনুশীলন করিয়েছেন কোচ পিটার জেমস বাটলার। নিজেদের মধ্যে ১১ জন করে ভাগ হয়ে ২০ মিনিটের একটি প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেছেন আলপি আক্তাররা। মেডিকেল টিম নিশ্চিত করেছে দলে কোন গুরুতর চোট নেই। সকলে সুস্থ আছেন।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে চীনের মেয়েদের বিপক্ষে, ৩ মার্চ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। পরের দুই ম্যাচে সাউথ কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে লড়বে টিম টাইগ্রেস।








