ইমার্জিং এশিয়া কাপ টি-টুয়েন্টিতে আফগানিস্তান ‘এ’ দলের কাছে দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে ব্যাট করা বাংলাদেশের ১৬৪ রান সহজে টপকে যায় আফগানিস্তান। ম্যাচজয়ী ইনিংস খেলেছেন বাঁহাতি ওপেনার সিদ্দিকউল্লাহ আতাল।
১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে নিয়মিত উইকেট হারাতে থাকে আফগানিস্তান। সেসময় দলের হাল ধরেন সিদ্দিকউল্লাহ, বাঁহাতি ব্যাটার খেলেন ঝড়ো ৫৫ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংস।
১৯.১ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন অপর ওপেনার জুবাইদ আকবারী। বাংলাদেশের স্পিনার আলিস ইসলাম, পেসার রিপন মণ্ডল নেন দুটি করে উইকেট, আবু হায়দার রনি ও শামিম হোসেন নেন একটি করে উইকেট।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের মিনিস্ট্রি টার্ফ-১এ টসে হেরে আগে ব্যাট করতে নামে আকবর আলীর দল। ওপেনার পারভেজ হোসেন ইমনের ঝড়ো ৫৪ রানের ইনিংসে ১৬৪ রান করে বাংলাদেশ। তৃতীয় ওভারে ডানহাতি ওপেনার জিশান আলমকে ফেরান পেসার বিলাল সামি। ইমন সাইফ হাসানের সাথে জুটি গড়েন, তৃতীয় উইকেটের জুটিতে আসে ৫৬ রান।
ইমনের আউটের পর সাইফ হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি, ১৯ বল খেলে ১৬ রানে সাজঘরের পথ ধরেন। অধিনায়ক আকবর আলীও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।
ম্যাচের হাল ধরেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন। পঞ্চম উইকেটের জুটিতে আসে ৭০ রান। হৃদয় ৩১ বলে ৪২ রানে এবং শামিম ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে বাংলাদেশ।
গ্রুপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।








