‘আমি মনে করি, সত্যিই আমরা ভালো বোলিং করেছি। বোলিং ইউনিট হিসেবে আমরা অনেক ভালো কিছু করেছি। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে মাঝের ওভারগুলোতে। সেজন্য আমাদের মূল্য দিতে হয়েছে। পরিকল্পনা ছিল প্রথম ছয় ওভারে মেরে খেলতে হবে। আমরা প্রথমদিকে উইকেট হারালে স্বাভাবিকভাবে ব্যাট করার পরিকল্পনা ছিল, কিন্তু তা হয়নি। মিডলঅর্ডার কার্যকর দায়িত্ব পালন করতে পারেনি।’
আফগানিস্তানের বিপক্ষে নাটকীয়ভাবে বৃষ্টি আইনে ৮ রানে হারের পর দলের ব্যাটিং ব্যর্থতার দায় এভাবে মেনে নিলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে আরও অনেক উন্নতির করার উপলব্ধির কথাও জানালেন বাংলাদেশ অধিনায়ক।
সেমিফাইনালের সমীকরণ লাল-সবুজের দলের হাতের নাগালেই ছিল। ১১৬ রানের লক্ষ্যে ১২.১ ওভারের মধ্যে পৌঁছে গেলে মিলতো সেমির টিকিট। সমীকরণ মেলানো দূরের কথা, পরাজয়ের স্বাদ নিয়ে সুপার এইট পর্ব শেষে বাড়ির পথ ধরছে শান্তর দল।
বিশ্বকাপে বাংলাদেশ দলের পরিকল্পনা বাস্তবায়ন ব্যর্থতা প্রসঙ্গে শান্তর ভাষ্য, ‘ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। আমাদের টপঅর্ডার ভালো পারফর্ম করতে পারেনি। এমন হতে পারে, বল ভিজে গিয়েছিল। যদিও আমরা অজুহাত দিতে পারি না।’
‘যেমনটা বলেছি, আমরা ব্যাট হাতে ভালোভাবে খেলতে পারিনি এবং অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আসলেই উন্নতি করতে হবে। ব্যাটিং নিয়ে ভাবতে হবে।’
গোটা টুর্নামেন্টে ব্যাটিং ব্যর্থতা ভোগালেও বোলিং-ফিল্ডিংটা ভালো হয়েছে, মত বাংলাদেশ অধিনায়কের। লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে ঝরেছে বাড়তি প্রশংসা।
‘আমরা সত্যিই ভালো বোলিং করেছি। বোলিং ইউনিট হিসেবে আমরা অনেক ভালো কিছু করেছি। বিশেষ করে তরুণ রিশাদ এসে সত্যিই ভালো বোলিং করেছে। আমি তার জন্য সত্যিই খুশি। ফিল্ডিংয়ে দল হিসেবে আমরা অনেক ভালো কিছু করেছি, আসলেই ভালো ক্যাচ নিয়েছি।’







