শিল্প সাহিত্য

১৪ গুণীজন পেলেন বাংলা একাডেমি পুরস্কার ও ফেলোশিপ

চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য বাংলা একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে গুণীজনদের পুরস্কার ও ফেলোশিপ প্রদান করা হচ্ছে, উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে ১৪ গুণীজনকে দেয়া হয়েছে বাংলা একাডেমি পুরস্কার ও ফেলোশিপ।

এদিন একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা শুরু হয়। তিনি অসুস্থবোধ করায় সভার পরবর্তী কার্যক্রমে পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির ফেলো ড. নূহ-উল-আলম লেনিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার।

এ সময় ২০২২ সালের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ৪৫তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী সারা দেশ থেকে আসা একাডেমির ফেলো, আজীবন সদস্য ও সদস্যদের সম্মতিক্রমে অনুমোদন ঘোষণা করা হয়।

সভায় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. হাসান কবীর ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অবহিত করেন।

একাডেমির সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নেন। মহাপরিচালক সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বক্তব্য দেন।

সম্মানিক ফেলোশিপ-২০২৩ ও সাহিত্যে অবদানের জন্য পুরস্কার

এদিন সভায় দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৩ এবং ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’-২০২৩, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার-২০২৩, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৩, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২৩, আবু রুশ্ধ সাহিত্য পুরস্কার-২০২৩, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০২৩’, হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০২৩ দেওয়া হয়।

বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০২৩ পেয়েছেন মোজাম্মেল হোসেন মঞ্জু (সাংবাদিকতা), এ কে শেরাম (আদিবাসী গবেষণা), মো. আলম দেওয়ান (ফোকলোর), তানভীর মোকাম্মেল (চলচ্চিত্র), আক্কু চৌধুরী (মুক্তিযুদ্ধ), ফালগুনী হামিদ (সংস্কৃতি) এবং ডা. হালিদা হানুম আখতার (চিকিৎসাবিজ্ঞান)।

কবি নির্মলেন্দু গুণ ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’-২০২৩; ড. অনুপম সেন `সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার-২০২৩‍‍`; নাট্যজন রামেন্দু মজুমদার `অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার‍`-২০২৩; কবি ওমর কায়সার `সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২৩‍‍`; অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ ‘আবু রুশ্ধ সাহিত্য পুরস্কার-২০২৩’; ডা. এবিএম আবদুল্লাহ ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০২৩’; আবদুল গাফফার ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন।

পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজনদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

বিষয়:নুরুল হুদাবাংলা একাডেমিসেলিনা হোসেন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…