মা হারালেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী তানযীর তুহীন। শনিবার সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা লেখক ও শিক্ষক ড. আকন্দ সামসুন নাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন সামসুন নাহার। গত ২৩ জুন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার বাদ জোহর উত্তরায় প্রথম জানাজা শেষে তার মরদেহ নেওয়া হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে। সেখানে বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে তাকে স্বামীর কবরের পাশে দাফন করা হবে।
সামসুন নাহার বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা ব্যবস্থাপনা ও ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। তিনি সরকারি কলেজে শিক্ষকতা ছাড়াও দীর্ঘদিন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে কাজ করেন।
গুণী শিক্ষকের প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো— সাগর সঙ্গমে, অন্তরালে, বাতিঘর, আকাশে পাখির মালা, গল্পলোকের ঝুড়ি, যূথবদ্ধ, এষণা এবং ছোটদের সিন্দাবাদের সমুদ্রযাত্রা।








