সিরিজ জয়ের সঙ্গে ভালো ব্যাটিংয়ের আশায় বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে, ভারতের অধিনায়িকা ও বাংলাদেশের অধিনায়িকা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি নিয়ে বুধবার মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে বোলিং, ফিল্ডিংয়ে উন্নতির দারুণ ছাপ ফেলা টিম টাইগ্রেসের লক্ষ্য ব্যাটিংয়েও ভালো করে সিরিজ নিজেদের করে নেয়া। অলরাউন্ডার লতা মণ্ডল জানালেন, ব্যাটিংয়ে ভালো করার ভাবনায় দল।
মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি শুরু সকাল ৯টা ৩০ মিনিটে। সিরিজের প্রথম ম্যাচে ভারতকে প্রথমবারের মতো ওয়ানডেতে হারায় বাংলাদেশ। এবার সিরিজ জিতে অবিস্মরণীয় সাফল্যের আশায় স্বাগতিক দল।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি লতা বললেন, ‘শুরু থেকেই ব্যাটিং স্কিল নিয়ে আমরা অনেক কাজ করছি। আর কাজ করছি বিধায় ভালো হচ্ছে। রানের দিক থেকে আরেকটু উন্নতি করলে আমাদের জন্য ভালো। আমরা চেষ্টা করছি, কালকের ম্যাচে আমাদের ব্যাটারদের ভালো খেলার।’
‘আপনারা খেলা দেখেছেন। আমরা যদি ব্যাটিংয়ে স্ট্রাগল করি, ইন্ডিয়াও কিন্তু করেছে। এই উইকেটে এই স্কোর করা আসলেই কঠিন। এই কারণেই ইন্ডিয়া কিন্তু আমাদের কাছে বিট হয়েছে। ওরা ভালো ব্যাটার, ওরা কিন্তু দাঁড়াতেই পারেনি। উইকেট যেমন, সেই অনুযায়ী আমরা খেলার চেষ্টা করছি।’
সিরিজের শেষ টি-টুয়েন্টিতে জয় টনিক হিসেবে কাজ করেছে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দেখা গেছে বদলে যাওয়া দলকে। ব্যাটিং প্রত্যাশা অনুযায়ী না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে টিম টাইগ্রেস ছিল দাপুটে। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষ দলকে ৪০ রানে হারায় লো-স্কোরিং ম্যাচে।
টানা দুই ম্যাচ জিতে ভারতকে চাপে রেখেছে বাংলাদেশ। মানসিক দিক থেকে এগিয়ে স্বাগতিক দলই। ভারতকে আরেকবার চেপে ধরতে পারলেই সেরা সাফল্যে নাম লেখাবে নিগার সুলতানা জ্যোতির দল।
আত্মবিশ্বাস নিয়েই লতা জানালেন ভারতের থেকে ভালো খেলছে বাংলাদেশ, ‘আসলে দেখেন, উপরে বা নিচের (র্যাঙ্কিং) বিষয় না। ভারত তো অবশ্যই ভালো দল। অবশ্যই আমরাও ভালো দল। এটা আসলে নির্ভর করে পরিস্থিতির উপর। যারা খেলে আরকি। যেহেতু শেষ টি-টুয়েন্টি ও প্রথম ওয়ানডে আমরা উইন করেছি, স্বাভাবিক আমরা ভালো করছি বিধায় সব ভালো হয়েছে। ওদের (ভারত) থেকে বেটার ক্রিকেট খেলছি।’
অভাবনীয় সাফল্যের পরও মিরপুরে দেখা মিলছে না তেমন দর্শক। তাই হতাশা লুকালেন না নারী দলের অভিজ্ঞ পেস অলরাউন্ডার লতা।
‘আফসোস বলতে অবশ্যই একটু আফসোস। এটা তো একটু আফসোস থাকে ছেলেদের ক্রিকেটে যেমন এত হাইলাইট হয়, মাঠে তো দর্শক থাকে। এখানে দর্শক থাকে কম। আমার মনে হয় এটা খুব বেশিদিন নেই দর্শকে গ্যালারি ভরে উঠতে।’
‘হোম গ্রাউন্ডে আমরা ভালো খেলছি। আমি যতটুকু জানি ইউটিউবে খেলা দেখাচ্ছে। মোটামুটি অনেকে জানে। আগে দেখেন, অনেক জায়গায় যখন যেতাম, ওরা জানতই না মেয়েরা ক্রিকেট খেলে। আপনারা (মিডিয়া) যদি বেশি হাইলাইট করেন, তাহলে আমাদের জন্য ভালো, দর্শক আরও বেশি হবে।’







