চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। তার মতে, ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী বলেই আমাদের প্রত্যাশা বেশি।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শনিবার এজিএম শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ইমরুল। বলেছেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। বাংলাদেশের অন্য প্রচলিত যত খেলা আছে সব মিলিয়ে ফুটবলের ধারেকাছেও নেই। ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী বলেই ফুটবলের কাছে আমাদের এত প্রত্যাশা।’
‘প্রত্যাশা পূরণ না হওয়াতেই হয়তো ফুটবল নিয়ে এত নেতিবাচক আলোচনা হয়। যত নেতিবাচক আলোচনা, ফুটবল যে তত খারাপ অবস্থায় আছে তা বলা যাবে না। হয়তো র্যাংকিংয়ে আমরা কিছুটা পিছিয়ে আছি। আপনি যদি অন্য বিষয়গুলো দেখেন, মেয়েরা ফুটবলে ভালো করছে, লিগগুলো নিয়মিত হচ্ছে, ভালো মানের বিদেশি খেলোয়াড় আসছে, বয়সভিত্তিক দলগুলো ক্রমান্বয়ে ভালো ফলাফল করে যাচ্ছে।’
‘কিন্তু আমাদের পুরুষ জাতীয় দল ভালো কিছু না করতে পারায় আমরা সমালোচনার শিকার হচ্ছি।’








