আওয়ামী লীগের প্রতীক স্থগিত রাখার দাবি এনসিপি’র

এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রতীক স্থগিতের দাবি নিয়ে আলোচনা করছেন, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম বলেছেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলেও তাদের প্রতীক বহাল আছে। আওয়ামী লীগের প্রতীক স্থগিত রাখতে হবে।”
রোববার (১৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, জাতীয় প্রতীক শুধু শাপলা নয়, চারটি আলাদা উপাদান আছে সেখানে। সেখানে ধানের শীষ, পাটপাতা আছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে অংশ নেন দলের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং এনসিপি নেতা খালিদ সাইফুল্লাহ।
বৈঠকে তারা সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করতে বলেন ইসিকে। তারা বলেন, শাপলা প্রতীক হতে আইনি বাধা নেই। সিইসি এ বিষয়ে আশ্বাস দিয়েছেন।
নাসিরউদ্দিন পাটওয়ারি বলেন, “নির্বাচনের আগে ইসি পূন:গঠন করতে হবে। তবে কেউ ভালো কাজ করলে, তাদের রাখা যেতে পারে। শাপলা প্রতীকের বিকল্প নেই। বাধা এলে রাজনৈতিকভাবে লড়াই করা হবে।”






