অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুই নেতা
এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, বিশ্ব উত্তেজনা নিরসন দেখতে চায়। উপসাগরীয় দেশগুলোর যারা সরাসরি জড়িত নয়, তারা এখন হামলার শিকার হচ্ছে। বেসামরিক ও পর্যটন ক্ষেত্রেও আক্রমণ হচ্ছে। আমরা চাই লক্ষ্য অর্জনের পাশাপাশি বেসামরিক ক্ষতি এড়ানো হোক।
তারা আরও উল্লেখ করেছেন, যতক্ষণ পর্যন্ত ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করবে না, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর করা উচিত নয়। আলবানিজ বলেন, এখন শত্রুতা ছড়াচ্ছে, তা স্বীকার করি। তবে বেসামরিক নাগরিক এবং অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করা জরুরি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এসব শর্ত পূরণ প্রয়োজন।
ইরানের ওপর আক্রমণে কানাডার অংশগ্রহণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কার্নি বলেন, আমি কখনও স্পষ্টভাবে অংশগ্রহণকে উড়িয়ে দিতে পারব না। তিনি আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে পার্থক্যও তুলে ধরেন।
কার্নি বলেন, আমরা সবসময়ই কানাডিয়ানদের রক্ষা করব। ডাক পেলে আমরা সর্বদা পাশে থাকব এবং আমাদের মিত্রদের রক্ষা করব।







