বিশ্বকাপে শুরু থেকে ভারত ছিল অপ্রতিরোধ্য। লিগ পর্যায়ে তাদের সামনে দাঁড়াতে পারেনি কোনো দল। আগে কিংবা পরে ব্যাটিং করেও অদম্য ছিল ভারত। ফাইনালে গিয়ে তারাই সহজে হেরে বসেছে অস্ট্রেলিয়ার কাছে। এমন হারের কারণ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলছেন, পিচ নিয়ে ভারতের কৌশলে ভুল ছিল যা হিতে-বিপরীত হয়েছে।
পন্টিং ধারাভাষ্য কক্ষ থেকে বলেছেন, ‘মাঠের কন্ডিশন খুব, খুব উপমহাদেশীয়। উইকেট তৈরির কৌশলটা সম্ভবত ভারতের জন্য হিতে-বিপরীত হয়েছে। আমার মনে হয় এমন কিছুই হয়ত হওয়ার ছিল।’
ম্যাচ শেষে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, ‘উইকেট আমার ধারণার চেয়েও কিছুটা বেশি ধীর ছিল। এই উইকেট আমরা যতটা ভেবেছিলাম ততটা স্পিন ধরেনি। তবে সবাই ভালোভাবে সামঞ্জস্য করেছে। লাইন লেংথ ঠিক রেখে আমরা কিছু টাইট বোলিং করতে পেরেছিলাম।’
‘টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচে আমরা আগে ব্যাটিং করলেও এই ম্যাচে মনে হয়েছে প্রথমে বোলিং করাটাই ভালো হবে। আলোতে রানতাড়া আমাদের জন্য সহজ হবে বলে ভেবেছিলাম।’
আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত ইনিংসের শেষ বলে অলআউট হয় ২৪০ রানে। ট্রাভিস হেডের ১২০ বলে ১৩৭ এবং মার্নাস লাবুশেনের ১১০ বলে ৫৮ রানের দারুণ ইনিংসে ৪২ বল ও ৬ উইকেট হাতে রেখে বিশ্বকাপ জিতে নেয় কামিন্সের দল।








