জর্জিয়ার ১৩১ এর কাছে বৃথা গেল মোস্তারির সেঞ্চুরি
এক ম্যাচ হাতে রেখে সিরিজ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি করেছেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি। স্বাগতিকদের জর্জিয়া ভলের দর্শনীয় আরেক সেঞ্চুরির কাছে মোস্তারির শতক বৃথা গেছে। খুব সহজে অজিরা দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে। এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিজেদের করে নিয়েছে তারা।
রোববার অ্যালান বোর্ডার ফিল্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রানে থামে টিম টাইগ্রেস। জবাবে খুব একটা অপেক্ষা করতে হয়নি অজি মেয়েদের। ২৮.১ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করেছে অস্ট্রেলিয়া।
ব্রিসবেনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়াকে ২২১ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। লক্ষ্য টপকাতে অজিদের ওপেনার জর্জিয়া ভল ৯৭ বলে ১৩১ রান করে অপরাজিত থাকেন। ইনিংসে ১৯ চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করেন ফোবি লিচফিল্ড। ১৯ রানে অপরাজিত থাকেন এলিস পেরি।
অজিদের পড়া একমাত্র উইকেটটি নেন স্পিনার স্বর্ণা আক্তার।
এর আগে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন মিডলঅর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি। সঙ্গে নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে জুটি গড়ে ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের যেকোনো উইকেট জুটির রেকর্ড গড়েন।
শুরুতে ফারজানা হক রানের খাতা খুলতে পারেনি। আরেক ওপেনার শারমিন সুলতানা ৫ ও তিনে নামা শারমিন আক্তার শূন্য রানে ফেরেন। সেখান থেকে হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সোবহানা মোস্তারি। দুজনে ১৯৫ রানের জুটি গড়েন।
সোবহানা ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে আউট হন। ১৮ চারে ১৩৪ বলে ১১৮ রানে ফেরেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন, ৭ চারের মারে সাজানো ইনিংস। সোবহানা-জ্যোতির দুইশ ছুঁই ছুঁই জুটি ভেঙেছে আগের ১৫২ রানের রেকর্ড। আগের রেকর্ডেও ছিলেন জ্যোতি, শারমিন আক্তারের সাথে মিলে থাইল্যান্ডের বিপক্ষে দেড়শ পেরোনো জুটি গড়েছিলেন।





