জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় এক নারী নিহত

ছবি: প্রতিনিধি
জয়পুরহাটে গভীর রাতে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় নুরনাহার বেগম (৫০) নামে এক নারী নিহত এবং তার ভাতিজি খাতিজা খাতুন পাখি (১৭) গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার ২ ডিসেম্বর দিবাগত গভীর রাতে জেলার সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে এই ঘটনা ঘটে।
নুরনাহার বেগম সদর উপজেলার চিরলা গ্রামের আব্দুল গফুর সরদারের তালাকপ্রাপ্ত স্ত্রী এবং আহত খাতিজা তার ভাই আব্দুল মতিনের মেয়ে ও স্থানীয় পল্লীবালা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানিয়েছে, বুধবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে টিউবওয়েলের লোহার হাতল দিয়ে নুরনাহার বেগম ও খাতিজা খাতুন পাখির মাথায় ধারাবাহিকভাবে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নুরনাহার বেগমের মৃত্যু হয়। এদিকে খাতিজাকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হামলার সময় নিহত নুরনাহার বেগম ও খাতিজা খাতুন পাখি একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। সম্পর্কে তারা ফুপু ভাতিজি। তবে কারা বা কেন এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, হামলাকারীদের শনাক্তে জোরদার তদন্ত চলছে এবং দ্রুতই দায়ীদের আইনের আওতায় আনা হবে।





