বিয়ে করেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। শুক্রবার বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেই বিয়ের সংবাদ জানান তিনি।
ছবিতে তাকে দেখা যায় বিয়ের সাজে। মায়ের যত্ন করে রেখে দেওয়া শাড়ি পরে বিয়ে করেছেন এ অভিনেত্রী। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তানজিকাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তানজিকার পাত্রের নাম সাইফ বাসুনিয়া। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী, ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন বলে তানজিকা গণমাধ্যমে জানান।
দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ সিনেমা দিয়ে হাতেখড়ি তানজিকার। তার বিপরীতে ছিলেন নায়ক রিয়াজ। এরপর নাটকে অভিনয় করলেও দীর্ঘদিন তাকে দেখা যায়নি সিনেমায়।
সম্প্রতি আলোচিত আশফাক নিপুনের ‘মহানগর টু’ ওয়েব সিরিজে মিতু চরিত্র দিয়ে আবারও আলোচনায় আসেন তানজিকা। যে সিরিজে অভিনয় করে দর্শকদের মনে দাগ কাটেন এ অভিনেত্রী।








