এখন থেকে ট্রাফিক আইনে করা মামলার অন্তত ৫০ শতাংশ গাড়ির মালিকের পরিবর্তে চালকের বিরুদ্ধে করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান।
মঙ্গলবার ২ জুন ডিএমপির এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মো. আনিসুর রহমান বলেন, সাধারণত যানবাহন চালানোর দায়িত্বে থাকেন চালক, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মামলার দায়ভার যানবাহনের মালিকের ওপর বর্তায়। ফলে প্রকৃত দায়ী ব্যক্তি অনেক সময় আইনের আওতার বাইরে থেকে যান। এ পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে চালকদের বিরুদ্ধেও বেশি সংখ্যক মামলা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চালকের নামে মামলা হলে তাকে জরিমানা পরিশোধ করতে হবে। পাশাপাশি ডিমেরিটস পদ্ধতির আওতায় তার ড্রাইভিং লাইসেন্স থেকে নির্ধারিত পয়েন্ট কেটে নেওয়া হবে।
ডিএমপির এই কর্মকর্তা জানান, এর ফলে ভবিষ্যতে যানবাহনের মালিকরা কোনো চালককে নিয়োগ দেওয়ার আগে তার ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট ও পূর্বের রেকর্ড যাচাই করতে পারবেন। এতে দক্ষ ও দায়িত্বশীল চালক নিয়োগে সহায়তা হবে।
ভুয়া মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে মো. আনিসুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে কখনও কোনো পাসওয়ার্ড, ওটিপি বা গোপন কোড চাওয়া হবে না। নাগরিকদের কাছে পাঠানো নোটিশে ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর থাকবে। তিনি আরও জানান, মামলার কপিতে ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের কর্মকর্তাদের স্বাক্ষরও সংযুক্ত থাকবে, যাতে এর সত্যতা যাচাই করা সহজ হয়।
এদিকে শিগগিরই রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে যানবাহনের নম্বরপ্লেট সঠিকভাবে প্রদর্শন করা হচ্ছে কি না এবং নম্বর স্পষ্টভাবে দৃশ্যমান রয়েছে কি না, তা যাচাই করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার।








