জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের আচমকা চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না তার জন্মভূমি আসাম। মনভার এখনো গোটা রাজ্যের। কান্নায় ভেঙে পড়েছে তার অগণিত ভক্ত।
নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে (এনইআইএফ) পারফর্ম করার একদিন আগে শুক্রবার সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে জুবিন গার্গ মারা যান। শনিবার মাঝ রাতে জুবিন গার্গের মরদেহ দিল্লিতে আনা হয় এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গায়কের মরদেহটি গ্রহণ করেন। পরে মরদেহটি বিশেষ বিমানে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয় রবিবার সকালে, যেখানে লাখ লাখ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমে আসেন।
সিঙ্গাপুরে ময়নাতদন্তের পর গায়কের মরদেহ হস্তান্তর করা হয়েছিল। প্রাথমিক রিপোর্টে জানা যায়, জলে ডুবে মৃত্যু হয়েছে শিল্পীর। এই মৃত্যু ঘিরে কোন রহস্য আছে কিনা তা খতিয়ে দেখতে আরও একটি ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার।
সোমবার (২২ সেপ্টেম্বর) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন পরিবারের সম্মতি নেওয়ার পর রাজ্য সরকার মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) গুয়াহাটিতে গার্গের দেহের আরও একটি ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ব্যক্তিগতভাবে আবারও প্রয়াত গায়কের শরীরে ‘কাঁচি’ চালানোর পক্ষপাতী নন তিনি। কিন্তু মানুষের প্রশ্নের উত্তর দিতে এবং যাতে কোন রকমের রাজনৈতিক বিতর্ক না তৈরি হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে গুয়াহাটির এইমস-গুয়াহাটির কয়েকজন চিকিৎসকের উপস্থিতিতে দ্বিতীয় বার নতুন করে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।








