শিক্ষা

বইয়ের মান দেখতে রাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী

বইয়ের মান দেখতে রাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য প্রস্তুত করা পাঠ্যবইয়ের মুদ্রণ ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেন তিনি। পরে রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত করা বইয়ের কাগজ, ছাপা ও বাঁধাইয়ের মান পরীক্ষা করেন। তিনি বইয়ের বান্ডিল থেকে নমুনা কপি নিয়ে সেগুলোর মানও যাচাই করেন। পাশাপাশি মানসম্মত বই মুদ্রণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (টেক্সট) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু জানান, নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজ পুরোদমে চলছে। নির্ধারিত সময়ের আগেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আগামী ১ জানুয়ারি ‘বই উৎসব’-এ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এনসিটিবির তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণিসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি পাঠ্যবই ছাপানো হবে। এ কাজে সরকারের ব্যয় হবে ১ হাজার ৮৯০ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৩২৮ টাকা।

পরিকল্পনা অনুযায়ী, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি এবং ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৩ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪০০ কপি বই ছাপানো হচ্ছে।

মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ছাপানো হবে প্রায় ১৮ কোটি বই। এর মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্যই রয়েছে ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই প্রস্তুত করা হচ্ছে।

নতুন শিক্ষাবর্ষে কয়েকটি নতুন বিষয়ও পাঠ্যসূচিতে যুক্ত হয়েছে। চতুর্থ শ্রেণির জন্য ‘খেলাধুলা’ ও ‘আমাদের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘আনন্দময় শিক্ষা’ ও ‘কারিগরি শিক্ষা’ বিষয়ের নতুন বই ছাপানো হচ্ছে।

এনসিটিবি জানিয়েছে, নতুন বইয়ের পাশাপাশি পরিমার্জিত ও সংশোধিত বইও নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিষয়:২০২৭ শিক্ষাবর্ষছাপাখানাড. আ ন ম এহছানুল হক মিলনবইয়ের মানশিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…