আফিফ হোসেনের অভিজ্ঞতার কাছে এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের কাছে হেরেছিল মালয়েশিয়া। ২ রানে মালয়েশিয়াকে হারানো বাংলাদেশ সকালে সেমিফাইনালে নামবে ভারতের বিপক্ষে।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় চীনের হাংজুতে গড়াবে সেমিফাইনালের লড়াই। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টিভি।
আসরে বাংলাদেশ-ভারত দুদলই সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশগ্রহন করে। কোয়ার্টারের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় পায় ভারত। জশ্বী জয়সওয়ালের ৪৯ বলে ১০০ রানের ইনিংসে ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রান করে ভারত। পরে ৯ উইকেটে ১৭৯ রান করে থামে নেপাল।
কোয়ার্টারের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাটে নেমে মালয়েশিয়ানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ উইকেটে ১১৬ রান করে বাংলাদেশ। পরে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১১৪ রানে থামে মালয়েশিয়া।
সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান। বাংলাদেশ সময় দুপুর ১২টায় গড়াবে ম্যাচটি। বাংলাদেশ ও ভারতের মত আফগানিস্তান-পাকিস্তানও সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলে। কোয়ার্টারের লড়াইয়ে হংকংকে হারায় পাকিস্তান। সরাসরি কোয়ার্টারে খেলতে আসা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে নাম লেখায় আফগানরা।








