শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেল গুণী নির্মাতা অরুণ চৌধুরীর তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’। আগের দুই ছবির মতো এটিও নারী প্রধান গল্পে নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।
প্রথম ছবি ‘আলতা বানু’র কেন্দ্রীয় চরিত্রে ছিলেন জাকিয়া বারী মম, নিজের দ্বিতীয় ছবি ‘মায়াবতী’র মূল চরিত্রে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। আর তৃতীয় এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।
দেশজুড়ে মুক্তি পাওয়া ‘জলে জ্বলে তারা’য় মিথিলা ছাড়াও অভিনয় করেছেন এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, মণিরা মিঠু, আজাদ আবুল কালাম ও নূর ইমরান মিঠু প্রমুখ।
ছবিতে মিথিলাকে দেখা যাবে সার্কাসকর্মীর চরিত্রে। ছবিতে এমন এক নারীর জীবন কাহিনি তুলে ধরেছে, যে এক অস্থায়ী এবং নির্মম বাস্তবতার মধ্যে টিকে থাকার সংগ্রাম করছে। এটি দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে জানা যায়।
ছবিটি নিয়ে মিথিলা বলেন, “এই চলচ্চিত্রের গল্পটি অত্যন্ত সুন্দর। দর্শক আমাকে তারা চরিত্রে দেখতে পাবেন। যদিও এটি জীবন সংগ্রামের গল্প, তবে এতে একটি মিষ্টি প্রেমের কাহিনিও রয়েছে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।”
এই চলচ্চিত্রটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেলেও নানা কারণে মুক্তি বিলম্বিত হয়। তবে অবশেষে এটি দর্শকদের সামনে এসেছে, যেখানে তারা ও হোসেনের প্রেম কাহিনি নতুনভাবে আবেগের সঞ্চার ঘটাবে বলে আশাবাদী নির্মাতা।







