নিখোঁজের অষ্টম দিনে সিলেটের কানাইঘাটে ৫ বছর বয়সী শিশুকন্যা মুনতাহা আক্তার জেরিনের লাশ পাওয়া গেছে। রোববার (১০ নভেম্বর) ভোরে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার নিথর দেহের সন্ধান মেলে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এর আগে, গত ৩ নভম্বের বিকেল থেকে মুনতাহা নিখোঁজ ছিল। মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুনতাহার সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়া, তার মা এবং নানীকে আটক করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে প্রতিবেশীর সাথে বিরোধের জের ধরে মুনতাহাকে হত্যা করা হয়েছে।
এর আগে, মুনতাহার পরিবার দাবি করে, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছিল। অপহরণকারীকে ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পরিবার।
গত ৩ নভেম্বর প্রতিদিনের মত আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে হলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।








