ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে জেলার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল কামরুল হাসানের দিক নির্দেশনায় মহড়ার আয়োজন করা হয়।
দুর্গম চরাঞ্চলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করার প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া পরিচালিত হয়।
মহড়ায় স্থানীয় ভোটার, পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।








