জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার ৩১ মার্চ জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি. কেম্প সেনাপ্রধানের হাতে আনুষ্ঠানিকভাবে এ রেজ্যুলেশন তুলে দেন।
জানা গেছে, জর্জিয়া স্টেট সিনেটের রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থনে গৃহীত এই রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানানো হয়। রেজ্যুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।
এর আগে একইদিন সকালে সেনাবাহিনী প্রধান গভর্নর ব্রায়ান পি. কেম্পের দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই পক্ষ সামরিক সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল জর্জিয়া স্টেট সিনেটের অধিবেশনে অংশগ্রহণ করে। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের সঙ্গেও সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।








