প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে লাতিন আমিরেকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার। এ দুই ম্যাচের প্রথটিতে প্যারাগুয়ের মাঠে হেরে অপেক্ষা বাড়ল লিওনেল মেসি বাহিনীর। হারলেও পয়েন্ট টেবিলে শীর্ষ ধরে রেখেছে লিওনেল স্কালোনির দল। আলবিসেলেস্তেরা সঠিক পথেই এগোচ্ছে ,বলছেন কোচ স্কালোনিও।
প্যারাগুয়ের আসুনসিওনের ডিফেন্সর্স দেল চাকো স্টেডিয়ামে শুক্রবার ভোরে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরেছে ৭০ শতাংশের বেশি বল পজিশন ধরে রাখা আর্জেন্টিনা। চলতি বাছাইয়ে তাদের তৃতীয় হার।
ম্যাচ শেষে ৪৬ বর্ষী স্কালোনি বলেছেন, ‘এখানে আমার খেলোয়াড়দের সমালোচনা করতে আসিনি, তাদের সমর্থন করতে এসেছি। আমরা জানতাম এটা একটা জটিল ম্যাচ হতে চলেছে। আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং নতুন খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিতে চাই।’
‘প্রথমার্ধে আমরা ভালো খেলা খেলেছি এবং দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম অ্যাকশন সবকিছুকে কঠিন করে তুলেছে। আমাদের অভিনন্দন জানাতে হবে প্রতিপক্ষকে যারা খুব ভালো ডিফেন্ড করেছে।’
‘খেলে চলেছি, আমরা মনে হয় সঠিক পথেই আছি। প্রতি ম্যাচেই দল চেষ্টা করে নিজেদের সেরাটা দিতে। খেলোয়াড়রা একটি বল ছেড়ে দেয়ার মন-মানসিকতা নিয়ে মাঠে নামে না। তারপরও, এই ম্যাচ নিয়ে কাটাছেড়া করব সামনের ম্যাচে আরও ভালো করতে।’
চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে বুধবার পেরুর বিপক্ষে নামবে মেসিবাহিনী। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে স্কালোনি বললেন, ‘পেরু সম্পূর্ণ ভিন্ন প্রতিপক্ষ হবে, কিন্তু তাদের অসুবিধাও আছে। আমরা ভালো প্রস্তুতি নিতে চলেছি এবং আশা করছি আমরা সমর্থকদের ভালো কিছু দিতে পারব। যা করছি তাতে আমরা আত্মবিশ্বাসী।’








