ভোলা পৌরসভার একাংশসহ সদর উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (৩১ জানুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের জরুরি সংস্কার কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে ভোলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
শুক্রবার (৩০ জানুয়ারি) ওজোপাডিকোর ভোলা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওজোপাডিকোর আওতাধীন নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে সদর পৌরসভার হোমিও কলেজ রোড, কাঠ মার্কেট, বিসিক, পাসপোর্ট অফিস, আলতাজের রহমান কলেজ রোড ও গোলদার বাড়িসহ কয়েকটি এলাকায়। পাশাপাশি সদর উপজেলার আগারপোল, মাদরাসা বাজার, ডাকাতিয়া চৌমুহনী, আলীনগর, বিশ্বরোড, খেয়াঘাট রোড, কোস্ট গার্ড এলাকা, সর্দার বাড়ি, হাওলাদার মার্কেট, পাটওয়ারী বাড়ি রোড, বাবুল মোল্লা ব্রিজসহ আশপাশের বহু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
ওজোপাডিকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।








