বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটকের পর দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলায় ও রাজধানীর ধানমন্ডিতে দুটি মামলায় ওয়ারেন্ট ছিল।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: গতকাল গভীর রাতে ধানমণ্ডি থেকে আটকের পর আজ বুধবার দুপুর ১২টায় তাকে আদালতে নেয় পুলিশ। বিএনপির এই কেন্দ্রীয় নেতাকে সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
এদিকে বুধবার ১১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন এ্যানিকে ডাকাতের মতো ধরে নিয়ে গেছে।
তিনি বলেন: আমি খুব ক্ষোভের সঙ্গে জানাতে চাই, মধ্যরাত ২টায় আমাদের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন এ্যানিকে যে বর্বর বা ডাকাতির পদ্ধতিতে গ্রেপ্তার করেছে তাতে প্রমাণ করে যে এই সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার কোনো দোষ থাকলে তাকে থানায় যেতে বলতে পারতো। কিন্তু সন্ত্রাসী কায়দায় যেভাবে ডাকাত হামলা করে সেভাবে তাকে আটক করা হয়েছে। এমনকি আমাদের যে সব নেতা জামিন পাচ্ছে তাদের জেলগেট থেকে আটক করা হচ্ছে।
এরআগে মঙ্গলবার রাতে সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়। রাত ২টার দিকে বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন জানান, এ্যানির ধানমণ্ডির বাসা ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশ তাকে থানায় যেতে বলছে। রাত ৩টার দিকে তিনি জানান এ্যানিকে বর্তমানে ধানমণ্ডি থানায় নেওয়া হয়েছে।








