কয়েকমাস ধরে আলোচনায় ভিনিসিয়াস জুনিয়রকে পেতে সৌদি প্রো লিগের ক্লাবগুলো বড় অঙ্কের অর্থ খরচ করতে প্রস্তুত। আলোচনায় অবশ্য হাওয়া লাগতে দেয়নি রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াসও লস ব্লাঙ্কোসদের ডেরা ছাড়তে আগ্রহ দেখাননি। অবস্থান পরিষ্কার করেছেন আগেই। তারপরও ঘুরে ফিরে একই প্রশ্ন আসে ভিনির সামনে। রিয়ালের সঙ্গে আরও দুবছরের চুক্তি থাকলেও এমন প্রশ্ন এড়াতে যতদ্রুত সম্ভব চুক্তি নবায়ন করতে চান ২৪ বর্ষী ব্রাজিলীয় তারকা।
চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন ভিনিসিয়াস। দলবদল প্রসঙ্গে বলেছেন, ‘আমি খুবই শান্ত আছি। আমার চুক্তি ২০২৭ পর্যন্ত এবং আশা করি, যতদ্রুত সম্ভব চুক্তি নবায়ন করতে পারব। এখানে খুবই খুশি। বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে খেলছি, সেরা কোচ, সেরা প্রেসিডেন্ট, সবাই আমাকে এখানে অনেক ভালোভাসে। এখানকার চেয়ে ভালো আর কোথায় থাকতে পারতাম না।’
২০২৭ সাল পর্যন্ত ভিনির সঙ্গে চুক্তি আছে রিয়ালের। তার রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো। গতবছর খবর হয়, এ উইঙ্গারকে পেতে প্রবল আগ্রহী সৌদি আরবের ক্লাব আল হিলাল।
ভিনি বলছেন, ‘আশা করি, এখানে আরও গোল করতে পারব, এই জার্সি গায়ে আরও অনেক ম্যাচ খেলতে পারব। ছেলেবেলা থেকেই আমার স্বপ্ন ছিল এখানে খেলার। এখন আমি এখানে। আরও অনেককিছু জিততে পারি এবং এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পারি। এত এত কিংবদন্তি এখানে খেলেছেন, কাজটা সহজ নয়।’
অ্যাটলেটিকো ম্যাচ সামনে রেখে প্রসঙ্গ ওঠে গতবছর ব্যালন ডি’অর অনুষ্ঠানে না যাওয়া নিয়েও। ভিনি বলেছেন, ‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা-ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটায় মনোযোগ দিচ্ছি।’
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোকে আথিত্য দেবে রিয়াল। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় শুরু হবে প্রথম লেগের মাঠের লড়াই। মার্চের ১২ তারিখ ফিরতি লেগে অ্যাটলেটিকোর আথিত্য নেমে কার্লো আনচেলত্তির দল।








