রিয়াল মাদ্রিদ, ১২২ বছরের সমৃদ্ধময় ইতিহাস। স্পেন জায়ান্ট ক্লাবটির সর্বকালের সেরা কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ লস ব্লাঙ্কোসদের হয়ে শিরোপা অর্জনেও সবার শীর্ষে এখন। গত আগস্টে আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ শিরোপা জিতে ক্লাবটির কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজকে ধরে ফেলেছিলেন। কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ শিরোপা জিতে তাকেও ছাড়িয়ে গেলেন ৬৫ বর্ষী কোচ।
ফিফার আন্তঃমহাদেশীয় প্রতিযোগীতার ফাইনালে বুধবার রাতের ফাইনালে পাচুকাকে ৩-০ গোলে হারায় রিয়াল। লসব্লাঙ্কোসদের হয়ে গোল করেন কাইলিয়ান এমবাপে, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে আনচেলত্তির ১৫তম শিরোপা এটি। যা ক্লাবটির ১২২ বছরের ইতিহাসে সর্বোচ্চ। মুনেজের অধীনে থাকা রিয়াল জিতেছিল ১৪টি শিরোপা।
রিয়াল মাদ্রিদের হয়ে দুই দফায় পাঁচ বছর ডাগআউট সামলাচ্ছেন আনচেলত্তি। চলতি পঞ্জিকাবর্ষেই জিতেছেন পাঁচটি শিরোপা। ইন্টারকন্টিনেন্টাল কাপ শিরোপা আগে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জেতেন।
২০১৩ থেকে ২০১৫ দুই মৌসুমে অবশ্য খুব একটা সমৃদ্ধ ছিলেন না আনচেলত্তি। চারটি শিরোপা জিতেছিলেন। ২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ কাপ জয়ের পর ২০১৪-১৫ মৌসুমে একটি করে উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জেতেন।
দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্ব নেন ২০২১ সালে। ২০২১-২০২৪ এই তিনবছরে জিতেছেন আরও ১১টি শিরোপা। প্রথম দফা লা লিগার টাইটেল অধরা থাকলেও ২০২১-২২ এবং ২০২৩-২৪ মৌসুমে লিগ টাইটেলও জিতেছেন। দুই মৌসুমেই জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। পাশাপাশি দ্বিতীয় দফায় রিয়ালের হয়ে আছে একটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, একটি স্প্যানিশ কাপ দুটি স্প্যানিশ সুপার কাপ এবং বুধবার রাতে যুক্ত হওয়া ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ শিরোপা।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সর্বোচ্চ শিরোপা জয়ের ইতিহাস লিখিয়ে নিজের এমন অর্জন দারুণ খুশি আনচেলত্তি। বলেছেন, ‘এগুলো (ট্রফি) এখন এত বেশি, আমি উচ্ছ্বসিত, সত্যিই খুব খুশি, দারুণ সফলতার গল্প এটি।’
‘যখন পেছনে তাকিয়ে দেখি, আমি এত বছরে অনেক অনেক শিরোপা জিতেছি, খুব খুশি লাগে। তবে সব সময়ই যেটা মনে রাখতে হবে, রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব, যেখানে সব সময় মনোযোগ ধরে রাখতে হয়। সব সময় এগিয়ে যেতে হয়। অর্থাৎ আরও সাফল্য।’
‘আমরা সবাই খুব খুশি। এটা গুরুত্বপূর্ণ ছিল। ২০২৪ সালটা আমরা অসাধারণভাবে শেষ করলাম, এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। তবে রিয়াল মাদ্রিদে সব সময়ই যেটা হয় আরকি, এখন ২০২৫ নিয়ে ভাবতে হবে।’








