একের পর এক প্রি-ওয়েডিং সেলিব্রেশনের পর এবার মুম্বাইয়ে বসছে অনন্ত আম্বানির বিয়ের আসর। শুক্রবার (১২ জুলাই) সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট।
আম্বানিদের বাড়ির বিয়ে বলে কথা! অতিথিদের ভেন্যুতে আনতেই তাদের যে আয়োজন, তা দেখে যে কারও চোখ উঠবে কপালে।
জানা গেছে, শুক্রবার মুম্বাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে বিদেশ থেকে আসা অতিথিদের আনতে ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমান ভাড়া করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে এই বিশেষ ধরনের চার্টার্ড বিমান। ঘণ্টা প্রতি এর ভাড়া ৭ লক্ষ ২০ হাজার টাকা।
শুধু তাই নয়, আরও ১০০টি ব্যক্তিগত বিমান আগামী তিনদিন ধরে অতিথিদের আনা-নেয়া করবে। খবরটি নিশ্চিত করেছেন এয়ার চার্টার কোম্পানি ক্লাব ওয়ান এয়ারের সিইও রাজন মেহরা।
বিয়ের সাজে সেজে উঠেছে আম্বানিদের ২৭ তলা বাড়ি। আলো ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা বাড়ি। গাঁদা ফুল এবং উজ্জ্বল হলুদ আলো ব্যবহার করা হয়েছে সাজানোর জন্য।
বিয়ের অনুষ্ঠান হবে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) জিও ওয়ার্ল্ড সেন্টারে। বিয়ের অনুষ্ঠানের কারণে এই এলাকায় যানবাহন চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১
২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত, অনুষ্ঠানস্থলের কাছাকাছি রাস্তাগুলিতে শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানে যাতায়াতের জন্যই খোলা থাকবে।
সূত্র: পিঙ্কভিলা








