সিনেমাতে তো এমন দৃশ্য অহরহই দেখা যায়। এবার শাকিব খান তার নিজের জীবনেও সিনেমার শেষ দৃশ্য যুক্ত করেছেন। সিনোমায় যেমন অনেক ঝড়ের পর সবার মিলন হয়, বাস্তবেও তা–ই হলো। স্ত্রী অপু বিশ্বাস আর ছেলে আব্রাহাম খান জয়ের কাছে ফিরছেন শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। আজ মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমকে শাকিব বলেন, ‘গতকাল মেজাজ খুব খারাপ ছিল বলে অনেক কথাই হয়তো বলেছি। কিন্তু এখন উপলব্ধি করছি, যা–ই ঘটে থাকুক না কেন, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান। আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে।’
তিনি জানান, গতকাল হঠাৎ টিভিতে আব্রাহামকে তাঁর মায়ের সঙ্গে দেখে মাথা ঠিক রাখতে পারেননি। অপুর প্রতি অভিমান হয়।
অপু বিশ্বাসের ব্যাপারে শাকিব খান বলেন, ‘অপু আমার সন্তানের মা। আমরা তো ভালোই ছিলাম। ভবিষ্যতেও আমি আমার সন্তানের মাকে নিয়ে ভালোভাবেই থাকব।’

গতকাল সোমবার বিকালে বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হন। এই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন এই বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের ভালো ও তার কেরিয়ারের কথা বিবেচনা করে এত দিন বিষয়টি গোপন রেখেছেন অপু।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের বয়স এখন ছয় মাস।








