বার্সেলোনার কাছে ৬-১ গোলের হারে যে কেবল পিএসজি ফুটবলারদের মন ভেঙেছে তা নয়; এবার নিজ সমর্থকদের ক্রোধের মুখে পড়তে হয়েছে তাদের। সমর্থকদের ক্ষোভের মাত্রা এতটাই যে শেষ পর্যন্ত দাঙ্গা পুলিশ ডাকতে হয়েছে পিএসজি কর্তৃপক্ষকে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগে ৪-০ গোলে এগিয়ে থেকে বার্সার মাঠে খেলতে যায় পিএসজি। কিন্তু ৬-১ গোলের জয় নিয়ে পিএসজিকে বিদায় করে দেয় কাতালান দলটি। দলের এমন বিদায় মানতে পারেননি পিএসজি সমর্থকরা। খেলা শেষে প্যারিসের বোর্গে বিমান বন্দরে পৌঁছানো মাত্রই খেলোয়াড়দের ওপরে হামলা করে একদল উগ্র সমর্থক। তারা খেলোয়াড়দের উদ্দেশ্য করে অপমানজনক শ্লোগান দেয় এবং খেলোয়াড়দের গাড়ি ভাঙচুর করে। ‘উগ্র সমর্থক’দের গাড়ি চাপায় একজন পথচারী আহত হয়েছেন বলেও দাবি ক্লাব কর্তৃপক্ষের। পরে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী এসে খেলোয়াড়দের এই অবস্থা থেকে উদ্ধার করে।
সমর্থকদের এহেন কাণ্ডে বেশ মর্মাহত পিএসজি কর্তৃপক্ষ, ‘ক্লাব ওই ঘটনায় উপস্থিত সমস্ত ব্যক্তিদের পুলিশি তদন্তে সাহায্যের জন্যে আহ্বান জানাচ্ছে এবং পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তারা জানতে চায়’।








