সেরা অভিনেতা হিসেবে এবারের ৯১তম অস্কারের বিজয়ী হয়েছেন ‘বোহেমিয়ান র্যাপসোডি’ খ্যাত অভিনেতা রামি মালেক। ছবিটিতে দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কার জিতেছেন এই অভিনেতা। তবে এবার নায়কের চরিত্রে নয় বরং ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে অস্কার বিজয়ী এই তারকার।
চূড়ান্ত না হলেও মোটামুটি পাকাপোক্ত যে, জনপ্রিয় সিনেমা সিরিজ ‘জেমস বন্ড’ এর নতুন সিনেমায় ভিলেন হিসেবে দেখা যেতে পারে রামি মালেককে।
শিগগির ‘জেমস বন্ড’ সিরিজের ২৫তম সিনেমার ঘোষণা আসতে চলেছে। যেখানে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করবেন ড্যানিয়েল ক্রেগ। আর ভিলেনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে রামি মালেককে। যদিও এখনো চূড়ান্ত নয়।
ইতিমধ্যেই ‘বন্ড ২৫’ সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। জেমস বন্ড সিরিজের নতুন এই ছবির নাম ঘোষণা না হলেও ছবিটি পরিচালনা করবেন ক্যারি জোজি ফুকুনাগা।








