জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহার, পুলিশি হামলার প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবিতে মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ মৌন মিছিল পালন করেন।
মৌন মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষক-শিক্ষর্থীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলে অংশগ্রহণ করেন। শেষে তারা রেজিস্ট্রার ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হুসাইন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, ঐক্যমঞ্চের মুখপাত্র সহযোগী অধ্যাপক রায়হান রাইন, ইতিহাস বিভাগের বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলীসহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানান।
সড়ক দূর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থী নিহতের জেরে উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে গত ২৭ মে শিক্ষার্থীদের আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।







