চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ কোচ পল নিক্সনের মাথায় বাংলাদেশের লাল-সবুজ পতাকার ব্যান্ড। দলের দেশি-বিদেশি সব ক্রিকেটারের মাথায় শোভা পেল সেটি। সামনে বড় সাইজের একটি পতাকা রেখে হল ফটোসেশন।
কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল অনুশীলন। ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই দলটি সেরে ফেলল বিজয়ের ৪৯তম বছর উদযাপন।
বিজয় দিবসে রাখা হয়নি বিপিএলের ম্যাচ। তবে অনুশীলন করতে স্টেডিয়ামে এসেছিল দলগুলো। বিকেলে রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্স মাঠ ছাড়তেই হাজির হয় ঘরের দল চট্টগ্রাম। 
বিজয়ের দিনে দলটি যে এমন আয়োজন রেখেছে সেটি জানা ছিল না কারও। স্টেডিয়ামে ব্যাট-বলের ঠুকঠাক থেমে থাকে কিছুক্ষণ। মাঠের সংবাদকর্মীরা ব্যস্ত হয়ে পড়েন অভূতপূর্ব দৃশ্যটি ধারণ করতে।
মঙ্গলবার শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। সন্ধ্যার ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ সিলেট থান্ডার। দুপুর দেড়টায় মুখোমুখি হবে আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস ও মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।







