ব্রেক্সিটের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্যালিলিও স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম থেকে ব্রিটেনের বাদ পড়ার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন আরও এক ব্রিটিশ মন্ত্রী।
যুক্তরাজ্যের বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় বিষয়ক প্রতিমন্ত্রী স্যাম গিমাহ শুক্রবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
স্যাম প্রধানমন্ত্রী টেরেসা মে’র ব্রেক্সিট চুক্তিতে থাকা শর্তের বিরোধিতা করে একে ‘‘নামমাত্র চুক্তি’’ হিসেবে উল্লেখ করেছেন বলে বিবিসি জানিয়েছে। তার পদত্যাগের এটিও একটি কারণ বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।
ব্রেক্সিট ইস্যুতে এ নিয়ে পদত্যাগ করা মন্ত্রীর সংখ্যা দাঁড়ালো ১০ জনে।
পদত্যাগের ঘোষণা দিয়ে স্যাম গিমাহ বলেছেন, প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী ব্রেক্সিট বাস্তবায়ন হলে যুক্তরাজ্য তার ‘দাবি আদায় ও প্রতিবাদের অধিকার হারাবে।’ তার উচিত ব্রেক্সিটের বিষয়ে দ্বিতীয় গণভোটের দাবিকে গুরুত্বের সঙ্গে নেয়া।
গ্যালিলিও হচ্ছে যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর অনুরূপ ব্যবস্থা। বিশ্বের কোটি কোটি মানুষ বিভিন্ন কাজে জিপিএস ব্যবহার করে এবং ২০২০ সালে চালুর পর ইউরোপের সরকার, নাগরিক, সেনাবাহিনী ও শিল্প কারখানাগুলোতেও গ্যালিলিও সিস্টেম ব্যবহার করা হবে।
কিন্তু ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্য তাৎক্ষণিকভাবে এই সুবিধাগুলো নিতে পারবে না। যদিও এই প্রকল্পে তারা এক দশমিক চার বিলিয়ন ইউরো বা ১৩ হাজার ২৮০ কোটি টাকা খরচ করে ফেলেছে। এটি তাদের সেনাবহিনী ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলেও জানায় যুক্তরাজ্য।
তবে প্রধানমন্ত্রী মে বলছেন, ব্রিটিশ সেনাবাহিনী গ্যালিলিও ব্যবহার করবে না বরং তারা নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম তৈরির কথা ভাবছে। এজন্য তারা ৯২ মিলিয়ন পাউন্ড বরাদ্দও দিয়েছে।








