গত ২৭ মার্চ নিজ বাড়ি থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি ধরে নিয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিহত ছাত্রী সোহাগী জাহান তনুর ভাই আনোয়ার হোসেনের বন্ধু মিজানুর রহমান সোহাগকে। এরপর তার আর খোঁজ পায়নি তার পরিবার।
নিখোঁজ হওয়ার ১৬ দিন পর মঙ্গলবার ভোর ৬ টার দিকে বাড়ির পাশের নাজিরাবাজার সিএনজি স্টেশনের কাছে মিজানকে খুঁজে পান তার চাচা।
তবে মিজান কোথায় ছিলেন, কারা তাকে দিয়ে গেছে, কিছুই জানেন না বলে চাচাকে জানান মিজান। বাসায় নেয়ার পর কিছু জিজ্ঞেস করতেও মানা করছিলেন তিনি।
এরপর অবশ্য চ্যানেল আইয়ের সঙ্গে মিজান কথা বলেন। তবে এবারও একই কথা জানান তিনি। মিজান বলেন, গত ২৭ মার্চ রাতে হঠাৎ ঘুম থেকে জেগে তিনি ঘরে অনেক মানুষজন দেখতে পান। অন্যদের সঙ্গে নিজের বাবা ও বোনকেও দেখেন তিনি।
শুধু লুঙ্গি পরে শুয়ে ছিলেন মিজান। এতো মানুষ দেখে তিনি উঠে বসেন। ঘরে আসা অপরিচিত এক ব্যক্তি তাকে বলে, ‘চল, গেঞ্জি পর।’ লুঙ্গিটা ঠিক করে গেঞ্জি পরে মিজান তাদের সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসেন।
‘গেঞ্জি পরার পর আমাকে বাইরে নিয়ে এসে চোখ, হাত-পা বেঁধে ফেলে তারা। এমনভাবে বেঁধেছিলো, আমি মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছিলাম,’ চ্যানেল আইকে বলেন মিজান, ‘অনেক দিন পর সম্ভবত আমার জ্ঞান ফেরে। ততদিন চোখ আর হাত-পা বাঁধাই ছিলো। এখনো মনে হয় দাগ আছে,’ চোখের কাছে কপালের পাশটায় দেখান তিনি।
মিজান কোথায় কীভাবে ছিলেন, শুনুন ফিরে আসা মিজানের মুখে:







