হাসন রাজার গান ‘সোনালী বন্ধু’ এবং ‘রূপ দেখিলাম’-এর ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর জনপ্রিয় উপস্থাপক-সঞ্চালক ও সংগীতশিল্পী নবনীতা চৌধুরী এবার গাইলেন রাধারমনের গান।
ইতোমধ্যে ‘বলো গো’ শিরোনামের মিউজিক ভিডিও প্রকাশ করেছে জি সিরিজ। গানটির সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব।
নবনীতা- গৌরব জুটিকে পর্দার সামনে গানটি গাইয়ে, বাজিয়ে, নাচিয়ে এক ধরনের পারফর্মেন্স ভিডিওর আদলে মিউজিক এর ভিডিও তৈরি করেছেন মঞ্জু আহমেদ।
সিলেটের সাধক কবি রাধারমন দত্ত তাঁর কৃষ্ণপ্রেমে সৃষ্ট ধামাইল গানের জন্য বিখ্যাত। ধামাইল সিলেটের ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য ধারা। এই গান গাওয়ার সময় দল বেঁধে নৃত্য পরিবেশন করা হত।
‘বলো গো’ গানটির গায়ন ও সংগীতায়োজনে ধামাইল গানের নাচের সেই ছন্দ ও দোলা দর্শক উপভোগ করতে পারবেন।
রাজনৈতিক টক শো উপস্থাপনা থেকে বিরতি নেওয়ার পর এই মিউজিক ভিডিওর মাধ্যমে নবনীতাকে আবার ভিজ্যুয়ালে পাওয়া গেল। টেলিভিশন ও মঞ্চে সংগীত পরিবেশনের পাশাপাশি স্টুডিওতে নতুন গান তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন নবনীতা ও গৌরব।








