বেশ লম্বা একটা বিরতির পর সাউথ আফ্রিকা টেস্ট দলে ফিরলেন তিন অভিজ্ঞ তারকা; এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন ও ভারনন ফিনল্যান্ডার। বক্সিং ডেতে জিম্বাবুয়ের বিপক্ষে পোর্ট এলিজাবেথে হতে যাওয়া ইতিহাসের প্রথম চারদিনের টেস্টে ফিরছেন তারা। সিরিজের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।
ডি ভিলিয়ার্স, স্টেইন ও ফিনল্যান্ডারের ফেরা মানে প্রায় দুবছর পর আবারও পূর্ণশক্তির দল পাচ্ছে সাউথ আফ্রিকা। জিম্বাবুয়ের পরই ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে তারা। তারপর যাবে অস্ট্রেলিয়ায়।
২০১৬’র জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন ডি ভিলিয়ার্স। এক বছর আগে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন গতিতারকা স্টেইন।
আরেক পেসার ফিনল্যান্ডারও ইনজুরির কারণে ইংল্যান্ড সিরিজের অর্ধেকটা খেলতে বাধ্য হয়েছেন। পরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও খেলা হয়নি তার।
অভিজ্ঞ তিন সেনানীর ফেরার খবরের মধ্যই হালকা মেঘের আভাসও পেয়েছে প্রোটিয়ারা, অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসকে নিয়ে শঙ্কা। পিঠের ব্যথায় জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চয়তা রয়েছে তাকে ঘিরে।
সাউথ আফ্রিকা স্কোয়াড
ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুবা, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, অ্যান্ডিলে ফেলুকোয়ও, থিউনিস ডি ব্রুইন, ভারনন ফিনল্যান্ডার, কাসিগো রাবাদা ও ডেল স্টেইন।







