চট্টগ্রামের ষোলশহরে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছাত্রলীগের একাংশ হামলা করেছে। এর ফলে সেখানে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীদের অবরোধের কারণে এই হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনায় দুই রেলকর্মী আহত হয়েছে বলেও জানা গেছে।
গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। পরদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে পদবঞ্চিত ও পছন্দের পদ না পাওয়া ছাত্রলীগ নেতা-কর্মীরা।
পরপর দুইদিন ক্যাম্পাসে বিক্ষোভ করার পর বুধবার থেকে ক্যাম্পাসে অবরোধের ডাক দেয় তারা। এরপরই তারা ট্রেন চলাচলে বাধার সৃষ্টি করে।
অবরোধকারীদের ছোঁড়া পাথরে শাটল ট্রেনের ইঞ্জিনের কাঁচ ভেঙে যায়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।








