বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কানাডার আদালতে আবারো প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল। সচিবালয়ে কানাডীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, যারা হরতাল, অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারে তারা দেশ-বিদেশে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হবেই।
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় কানাডীয় হাইকমিশনার বিনয়েট প্রিফনটেইন। আলোচনায় দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশের ইকোনমিক জোনে কানাডার বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যুসহ দু’দেশের ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয় উঠে আসে।
বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় যাবেন। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য কানাডা সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
কানাডার আদালতে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আবারো আখ্যায়িত করার বিষয়ে বাণিজ্যমন্ত্রীর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, বিএনপির অতীত কর্মকাণ্ডেই তা প্রমাণ হয়েছে।
বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করার ঘটনা বাংলাদেশের ভাবমূর্তিতে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।








