সপ্তাহখানেক আগে শিল্পী সমিতির নির্বাচন হয়ে গেলেও উত্তাপ কমেনি এফডিসিতে। সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের আদেশ জায়েদ খানের পক্ষে এলে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার এই আঁতুরঘরে। দুপুরের পর থেকে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি দুই প্যানেলের কর্মী সমর্থকরা একে একে আসতে শুরু করেন।
অন্যদিকে সকাল থেকেই এফডিসির কড়ইতলা, প্রশাসনিক ভবন ও ভবন সংলগ্ন আঙিনায় তারকা শিল্পীদের তিন ছবির শুটিং চলতে দেখা যায়। সবমিলিয়ে সোমবারের এফডিসি প্রাণবন্ত!
কড়ইতলায় জয় চৌধুরীকে দেখা যায় ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে। আলাপ করলে তারা জানান, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং করবেন এফডিসিতে।
একদিকে নির্বাচনী উত্তাপ আরেকদিকে শুটিং। কেমন লাগছে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘অনেকদিন পর এফডিসি জমজমাট লাগছে। তবে নির্বাচন নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তার অবসান হোক।’
অপু জানান, ‘সকাল থেকে শুটিং করছিলেন। কিন্তু দুপুরে সিনেমার ডিওপি অসুস্থ হয়ে যাওয়ায় শুটিং বন্ধ করে একই সিনেমার ডাবিং করছি।’
প্রশাসনিক ভবনের সামনে গেলেই চোখ আটকে গেল বিশাল রঙিন সেট দেখে। জানা যায়, সেখানে চলছে ‘মায়া’ সিনেমার গানের শুটিং। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল। অংশ নিয়েছেন রোশান ও বুবলী। তারা জানালেন, নির্বাচনী পরবর্তী উত্তাপের মধ্যে মজা করে শুটিং করছেন।
রোশান বলেন, যদিও আমি ভোটার না তারপরেও নির্বাচনী উত্তাপ ভালো লাগছে। অনেকেই আমাদের শুটিং দেখতে ভিড় করছেন। বিষয়টি উপভোগ করছি। শুটিং করছি।
কথা বলে প্রশাসনিক ভবনের সামনে আসতেই দেখা গেল হেঁটে আসছেন কাজী হায়াৎ। ভবনের গ্রাউন্ড ফ্লোরে তিনি ‘জয় বাংলা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এই শুটিংয়ে অংশ নিচ্ছেন বাপ্পী চৌধুরী। খোঁজ নিতে ফোন করলে বাপ্পী জানান, তিনি ৭ নম্বর মেকাপ রুমে তৈরি হচ্ছেন। সেখানে গিয়ে কথা বাপ্পীর সাথে। তার কাছে এফডিসির নির্বাচনের খবর জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্নে জানতে চান,‘আমিও জানতে চাই এফডিসিতে আসলে কী হচ্ছে?’
শুটিংয়ের মধ্যে নির্বাচন পরবর্তী আবহাওয়ার প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘ভালোই লাগছে। তবে পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা চালাচালি হচ্ছে এটা মোটেও কাম্য নয়।’
ছবি: নাহিয়ান ইমন








