বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে বেশ অনেক বছর ছিলেন খালেদ মাহমুদ সুজন। এছাড়া ক্রিকেটারদের সঙ্গে কোচিংয়েও যুক্ত রয়েছেন তিনি। তবে ২০২৪ সালের পর থেকে আর বিসিবিতে যুক্ত নন সুজন। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ডাকে আবারও বিসিবিতে ফিরেছেন তিনি, গণমাধ্যমে কথা বলেছেন নানা প্রসঙ্গে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে ছিলেন সুজন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান পাপন। বিসিবি সভাপতি না থাকায় পদত্যাগ করেন পরিচালক খালেদ মাহমুদ সুজন।
গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে প্রধান করে ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। বোর্ডে তামিম ফেরায় ফিরেছেন খালেদ মাহমুদ সুজন।
সম্প্রতি ভারতের মাটিতে শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি বাংলাদেশ, যা ঘটেছে আমিনুল ইসলামের বোর্ডের অধীনেই। আমিনুল বোর্ড পরিচালনায় ব্যর্থ হয়েছেন জানিয়ে সুজন বলেছেন, আগেও তিনি আমিনুলকে ডেকেছিলেন বিসিবিতে। কিন্তু তখন সাড়া দেননি তিনি।
দীর্ঘদিন পর ক্রিকেট বোর্ডে ফিরে শুক্রবার গণমাধ্যমে সুজন বলেছেন, ‘আমি উনাকে বলেছি আপনি হাই পারফরম্যান্সের হেড কোচ হন, আপনি বাংলাদেশ দলের ব্যাটিং কোচ, সহকারী কোচ কী হতে চান বলেন। কিন্তু সে আসেনি। আমরা কেউ কোনদিন উনাকে বলি নাই এটা উনি ডাহা মিথ্যা কথা বলেছেন, কারণ আমি নিজে সাক্ষী। আমি নিজে বলেছি আপনি কী চান বলেন আমি সরাসরি পাপন ভাইকে বলব।’







