ভারতে হওয়া ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। নিরাপত্তার কারণ দেখিয়ে বিগত অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সেই আসরে খেলতে যায়নি বাংলাদেশ। বিশ্বকাপে খেলতে যেতে ক্রীড়া কূটনীতির কোন অভাব ছিল কিনা বিষয়টির তদন্ত হবে, বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার মিরপুরে একটি অনুষ্ঠানে আমিনুল বলেন, ‘বিশ্বকাপে খেলতে যেতে কেন পারিনি, সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কথা বলেছি। আমাদের ক্রীড়া কূটনীতির কোথায় অভাব ছিল, এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। বিষয়টি নিয়ে হয়তো ঈদের পর একটি তদন্ত কমিটি করে দেব। সেই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’
‘আমার কাছে মনে হয় আমাদের ক্রীড়া কূটনীতি আরও বেশি জোরদার করা উচিত। কারণ খেলাধুলা এমন একটি জায়গা যেখানে দলমত নির্বিশেষে বা সকল রাজনৈতিক চিন্তার ঊর্ধ্বে গিয়ে আমরা একটি জাতিকে এক করে ফেলতে পারি।’
আমাদের যেন এমন ভুল ফের না হয় সেই বিষয়টি উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা এমন ভুল ভবিষ্যতে যেন না করি, ক্রীড়া কূটনীতির মাধ্যমে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যাতে খেলাধুলার পরিবেশ সুন্দরভাবে বজায় রাখতে পারি।’








