জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলা কার্যালয়ের প্রধান ফটকের সাইনবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে পৌরসভার ভেতরে রাজনৈতিক ব্যানার খোলার কথা বলে পৌরসভা কর্তৃপক্ষের একদল পরিচ্ছন্ন কর্মী এনসিপির জেলা কার্যালয়ের সাইনবোর্ড ছিঁড়ে রেখে চলে যায় বলে অভিযোগ করেছে স্থানীয়রা ও এনসিপি নেতারা।
ঘটনাটি ঘটে বাগেরহাট শহরের খানজাহান আলী রোডের মিঠাপুকুর পাড় এলাকায় অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা কার্যালয়ে এসে নেতাকর্মীরা প্রধান ফটকের সাইনবোর্ড ছেঁড়া অবস্থায় দেখতে পান।
স্থানীয় দোকানের কর্মচারী মো. সাইদুল বলেন, আমরা বারবার নিষেধ করেছি, অনুরোধ জানিয়েছি যেন সাইনবোর্ডটি না ছেঁড়া হয়। কিন্তু এসব কথার কোনো তোয়াক্কা না করে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা জোরপূর্বক সাইনবোর্ডটি ছিঁড়ে ফেলে। পরবর্তীতে অন্য পরিচ্ছন্ন কর্মীরা মানা করলে ওই অবস্থায় রেখে চলে যান।
বাগেরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার বলেন, আমরা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে কার্যালয়ে এসে দেখি আমাদের মেইন ফটকের সাইনবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বাগেরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান বলেন, এ ধরনের কোনো সাইনবোর্ড ছিঁড়ে ফেলার বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।








