দিল্লি সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের একজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে তার বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কয়েক মাস ধরে ১৪ বছর বয়সী ওই মেয়েকে ধর্ষণ করে যাচ্ছেন ওই কর্মকর্তা।
রোববার ২০ আগস্ট এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এই কর্মকর্তার বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নিবে পুলিশ।
এছাড়াও কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে শিশু নির্যাতনে সহযোগিতা করার জন্য মামলা হয়েছে বলে পুলিশ জানায়।
শিশু মেয়েটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। সে ২০২০ সালে তার বাবাকে হারায়। মূলত তার বাবার মৃত্যুর পর মেয়েটিকে বাবার বন্ধু ওই সিনিয়র কর্মকর্তা তাদের বাসায় নিয়ে যান।
পুলিশ জানায়, ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করেন বলে মেয়েটি অভিযোগ করেছে। মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার পর ওই কর্মকর্তার স্ত্রীকে ঘটনার বিস্তারিত জানান। পরে তিনি তার স্বামীর পক্ষ নিয়ে মেয়ের গর্ভপাত করান বলেও মেয়ে অভিযোগ করে।
মেয়েটি এখন চিকিৎসাধীন রয়েছে বলে দিল্লি পুলিশ জানায়।







