ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ২৮০ রানে হারের পর কানপুর টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। চেন্নাই টেস্টে বল হাতে আলো ছড়াতে না পারলেও ব্যাটে রান পেয়েছেন সাকিব আল হাসান। কানপুরে সেটির বিপরীত। বল হাতে দারুণ করেছেন। আইসিসির সবশেষ র্যাঙ্কিং হালনাগাদে সেটির ছাপ পড়েছে। টেস্টে ব্যাটে অবনতি হয়েছে সাকিবের, আর বলে উন্নতি করেছেন টাইগার পোস্টারবয়।
গ্রিন পার্কে ১১ ওভার বল করে ৭৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে কেবল তিন ওভার বল করার সুযোগ পেয়েছেন। ১৮ রান খরচায় কোনো উইকেট পাননি। বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে ৫ ধাপ উন্নতি হয়েছে তার। ৫৫২ রেটিং পয়েন্ট নিয়ে ২৮ নম্বরে এসেছেন।
ব্যাট হাতে সাকিব প্রথম ইনিংসে ৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে কোনো রান না করেই ফিরে যান। তাতে ৮ ধাপ অবনতি হয়েছে। ৫১৮ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছেন ৫১ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব। শীর্ষে রবীন্দ্র জাদেজা এবং দুইয়ে আছেন রবীচন্দ্রন অশ্বিন।








