তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা কাটিয়ে খুলে দেয়া হয়েছে কারখানাগুলো। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দলে দলে কারখানায় কাজে যোগদান করেছে কর্মীরা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাভারের আশুলিয়া, গাজীপুর, টঙ্গী বিসিক, ভোগরা বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকায় কারখানায় শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিচ্ছে।
কয়েকদিন ধরেই বিভিন্ন দাবিতে উত্তাল হয়ে ওঠে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন। সরকারের পক্ষে নিরাপত্তার আশ্বাস পেয়ে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।
এদিকে গতকাল বুধবারও পোশাকশিল্প অধ্যুষিত এলাকায় বিক্ষোভ-ভাঙচুর হলে অন্তত ১৬৭ প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকেই যৌথবাহিনীর নিরাপত্তায় কাজে ফেরেন শ্রমিকরা।








