রোববার থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সব শাখা খোলা থাকবে। তবে ব্যাংক শাখাগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। ব্যাংক শাখাগুলোতে সব স্বাভাবিক লেনদেন চলবে।
শনিবার বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠানো নির্দেশনায় এ বার্তা দিয়েছে।
স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলে। আর ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
এর আগে কারফিউ ও সাধারণ ছুটির কারণে টানা তিন দিন বন্ধের পর গত বুধ ও বৃহস্পতিবার ব্যাংকগুলোর কিছু শাখা খোলা ছিল। এসব শাখায় বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত সীমিত পর্যায়ে কিছু সেবা দেওয়া হয়। বুধবার ব্যাংকের ৫০ শতাংশ শাখা ও বৃহস্পতিবার ৭৫ শতাংশ শাখা খোলা রাখতে বলা হয়েছিল। তবে বাস্তবে প্রায় সব শাখা খোলা ছিল।








