ক্লপের ‘কারণে’ লিভারপুলে বিশ্বকাপজয়ী অ্যালিস্টার

লিভারপুলের ফুটবলার অ্যালিস্টার নতুন জার্সি হাতে নিয়ে ছবি তুলছেন, পেছনে লিভারপুলের দলের ব্যাকড্রপ ও স্পন্সর লোগো।. Channel i News – চ্যানেল আই নিউজ
আলোচনায় ছিল আগামী মৌসুমে বিশ্বকাপজয়ী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার যোগ দেবেন ম্যানচেস্টার ইউনাইটেড অথবা চেলসিতে, শেষপর্যন্ত চুক্তি সেরেছেন লিভারপুলের সঙ্গে। ব্রাইটন থেকে অলরেডদের ডেরায় যাওয়ার বেশ কয়েকটি কারণ আছে। লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ সেই কারণগুলোর অন্যতম একটি। এমন বলেছেন আর্জেন্টাইন তারকা।
২২ বর্ষী অ্যালিস্টার বলেছেন, ‘তার(ক্লপ) সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। এটাই ছিল ট্রান্সফার উইন্ডোতে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটি। সেসময় অনুভব করেছি আমাকে তার সঙ্গে দেখতে চান। আমাকে নিয়ে শিরোপা জয়ের দিকে এগিয়ে যেতে চান। তাই আমার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ ছিল।’
‘আমরা ফুটবল নিয়ে কথা বলেছি। তার দৃষ্টিভঙ্গি এবং প্রবল ইচ্ছা ক্লাবটি ক্রমাগত আরও বড় হোক এবং চ্যাম্পিয়নশিপ জিতুক।’
প্রিমিয়ার লিগে ২০২২-২৩ মৌসুমে পয়েন্ট টেবিলের পাঁচে থেকে শেষ করেছে লিভারপুল। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না ক্লপের দল। ইউরোপা লিগে খেলতে চলা দলটির সামনে আসছে মৌসুমে প্রথম চ্যালেঞ্জ হবে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার যোগ্যতা অর্জন।
৩৫ মিলিয়ন ইউরোয় পাঁচ বছরের চুক্তিতে অলরেডদের সঙ্গে যোগ দিয়েছেন ম্যাক। উঠতি ক্যারিয়ারের সঠিক ব্যবহার করতে চান। বলেছেন, ‘আমি এখন ক্যারিয়ারের খুব ভালো পর্যায়ে আছি। এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে চাই। বিশ্বের সবচেয়ে বড় এবং ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্লাবে পৌঁছানোটা আমার জন্য অনেক আনন্দের ও স্বপ্নের। লিভারপুলে যোগ দেয়া আমার জন্য সঠিক পদক্ষেপ ছিল। শুধুমাত্র বর্তমানের কারণে নয়, বরং ইতিহাসও প্রেরণা আর আবেগের একটি কারণে।’






