চোর সন্দেহে ৮ বছরের শিশুকে বেঁধে মারধর

টাঙ্গাইলের মধুপুরের বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গফুর বাসস্ট্যান্ড এলাকায় চোর সন্দেহে জিহাদ নামের ৮ বছরের এক শিশুকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে মফেজ উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
শিশুটির নানী মোছা. বকুলি বেগম জানান, জিহাদ এতিম, তার বাবা-মা নেই। গত ছয় বছর ধরে তারা তাকে লালন-পালন করে আসছেন। জিহাদ উপজেলার গুবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নানার কাছ থেকে ১০ টাকা নিয়ে দোকানে যায় জিহাদ। এসময় কাউকে দোকানে না পেয়ে ডাকাডাকি করে সে। পরে গুবুদিয়া গ্রামের মৃত তুফাইনা ফকিরের ছেলে মফেজ উদ্দিন এসে দাবি করেন জিহাদ দোকান থেকে ৫০ হাজার টাকা চুরি করেছে। সন্ধার দিকে জিহাদকে অন্য দুই শিশুকে দিয়ে ডেকে নিয়ে চুরির অভিযোগ দিয়ে বেঁধে রেখে মারধর করেন মফেজ উদ্দিন।
এদিকে স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে কোনো শিশুকে শারীরিকভাবে নির্যাতন না করার আহ্বান জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মফেজ উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল; কিন্তু অভিযুক্ত মফেজ উদ্দিন পরিবারসহ পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






